
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ সদর উপজেলায় অনুষ্ঠিত উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে বিন্যাটি ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রশিদাবাদ ইউনিয়ন।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় কিশোরগঞ্জ সদর উপজেলার মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় রশিদাবাদ ইউনিয়ন ও বিন্যাটি ইউনিয়ন দল। নির্ধারিত সময়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে রশিদাবাদ ইউনিয়ন ১-০ গোলে জয়লাভ করে শিরোপা নিশ্চিত করে।
উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ সদর-এর আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলাকে ঘিরে মিনি স্টেডিয়ামে দর্শকদের ছিল ব্যাপক উপস্থিতি।
খেলা শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া, মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন মাসুম, রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল মিয়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাবেক ছাত্রদল সভাপতি মারুফ, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসরাইল মিয়া, জেলা ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
টুর্নামেন্টের আয়োজন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ।
পরে অতিথিরা বিজয়ী রশিদাবাদ ইউনিয়ন ও রানার্সআপ বিন্যাটি ইউনিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















