
মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।
মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠন এবং পেশাগত শৃঙ্খলা ও নৈতিকতার মানদণ্ড সমুন্নত রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি পুলিশ সদস্যদের মাদক সেবন, মাদক ব্যবসা ও মাদকসংশ্লিষ্ট যেকোনো কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং জনগণের আস্থা সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের কেন্দ্রীয় রোলকলে উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানকালে এসব কথা বলেন পুলিশ সুপার।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “মাদক সমাজ ও দেশের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকতে হবে। কোনো পুলিশ সদস্য যেন মাদক সেবন, মাদক ব্যবসা কিংবা মাদকসংশ্লিষ্ট কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি।”
তিনি আরও বলেন, “পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলা যেন বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সেদিকেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার মাদক নির্মূলে জেলা পুলিশের দৃঢ় অবস্থান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পেশাগত শৃঙ্খলা বজায় রেখে জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।”
জেলা পুলিশের কেন্দ্রীয় রোলকলে দেওয়া এসব নির্দেশনার মধ্য দিয়ে মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠন, পেশাগত নৈতিকতা নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারের বিষয়ে পুলিশ সুপারের অবস্থান তুলে ধরা হয়।


















