
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে উদ্ধার হওয়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা ডিসপোজাল ইউনিট। নিষ্ক্রিয় করার পর যন্ত্রটির ধ্বংসাবশেষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগোযুক্ত আট দফা দাবির একটি স্মারকলিপি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে নিরাপদ স্থানে নিয়ে আইইডিটি নিষ্ক্রিয় করা হয়।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৬টার পর জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের পাশে লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পান কার্যালয়ের কর্মচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে এবং বস্তুটি নিরাপদ স্থানে সরিয়ে রাখে। এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে খবর পেয়ে এসআরবি-১৩-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী থেকে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের ডাকা হয়। রাতে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বস্তুটি নিষ্ক্রিয় করেন।
এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদ জানান, উদ্ধার হওয়া বস্তুটি তেমন ক্ষতিকর না হলেও এটি হাতে তৈরি একটি অপ্রচলিত বিস্ফোরক যন্ত্র ছিল। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেছেন।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, সকাল থেকেই বস্তুটিকে বোমাসদৃশ হিসেবে বিবেচনায় নিয়ে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। পরে এসআরবির বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষা করে এটিকে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বলে নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, বস্তুটির ধ্বংসাবশেষ থেকে একটি চিঠি বা স্মারকলিপি পাওয়া গেছে। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মুখে মাস্ক ও শরীরে চাদর জড়ানো এক ব্যক্তি ভোররাতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বস্তুটি রেখে যায়। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
















