
ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘৬৬তম আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা-২০২৬’-এর হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ ইহতেশামুল হক হীরা।
আজ সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) জনাব এ, এইচ, এম কামরুজ্জামান বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে অভ্যর্থনা জানান। এসময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মুহাম্মদ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে হাফেজ ইহতেশামুল হক হীরার এই অনন্য অর্জন সমগ্র বাংলাদেশের জন্য এক বিশাল সম্মান ও গৌরবের বিষয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁর এই কৃতিত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হচ্ছে।


















