
কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কর্মরত ‘দৈনিক গণমুক্তি’ পত্রিকার সাংবাদিক মনির হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা।
শনিবার (২০ জুন) গৌরীপুরের সুফি কিচেন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, মনির হোসেনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মনির হোসেনের স্ত্রী হাসনা আক্তার, বোন শাহিনা বেগম এবং স্থানীয় ব্যবসায়ী ও মার্কেট মালিকের ছেলে দুলাল চৌধুরী।
মনির হোসেনের বোন শাহিনা বেগম বলেন, ‘আমার ভাইয়ের কোনো অপরাধ নেই। তাকে বিনা কারণে মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের পরিবারের সদস্যরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় আমরা বিভিন্ন ধরনের হু*মকি-ধ*মকির মধ্যে রয়েছি। আমার ছেলে এবং আমার ভাইয়ের মেয়ের লেখাপড়াও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা ঠিকমতো পরীক্ষায় অংশ নিতে পারছে না।’
মনির হোসেনের স্ত্রী হাসনা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অনিয়ম, মাদক ব্যবসা ও সামাজিক অপরাধ নিয়ে লেখালেখি করে আসছিলেন। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ার কারণেই একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানাই। একই সঙ্গে যারা ষড়যন্ত্র করে একজন নির্দোষ মানুষকে কারাগারে পাঠিয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।’
তিনি আরও দাবি করেন, তাদের পরিবারকে বিভিন্নভাবে ভ*য়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাংবাদিক মনির হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। তারা মনির হোসেনের দ্রুত মুক্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
















