
ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কুমিল্লার হোমনায় একসঙ্গে ৩ জনকে জ*বাই করে হ*ত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
জানাগেছে, সোমবার রাতের কোনো এক সময় উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামের জয়নুদ্দিন মুন্সীর বাড়িতে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন— উত্তর মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখি (৩২), তাদের ৪ বছর বয়সী ছেলে হোসেন এবং জহিরুল ইসলামের ছোট ভাই প্রবাসী আঃ সাত্তার মিয়ার ৫ বছর বয়সী ছেলে জুবায়ের।
স্থানীয়রা জানান, সোমবার রাতে কে বা কারা গাছ বেয়ে একতলা বিল্ডিং এর ছাদ দিয়ে ভিতরে ঢুকে পাপিয়া আক্তার সুখী, মো.হোসেন ও জুবায়েরকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা বিল্ডিং এর গেইট খোলা দেখতে পেয়ে ভিতরে ঢুকে ৩ জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে হোমনা থানা পুলিশ, সিআইডি,পিবিআই,ডিবি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করেন।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, পিবিআই, সিআইডি,ডিবি টিম পৌঁছে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
এদিকে একসঙ্গে ৩ খুনের ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকের ধারণা করছেন, এ ঘটনা পরকিয়া বা পূর্ব শত্রুতার জেরে ঘটে থাকতে পারে।


















