
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা পুলিশ-এর উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০টা ৩০ মিনিটে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা আয়োজন করা হয়।
জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
সভা শুরুর পর জানুয়ারি ২০২৬ মাসে জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা নিষ্পত্তির অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান, বিশেষ অভিযান এবং জননিরাপত্তা কার্যক্রমের ওপর বিস্তারিত পর্যালোচনা উপস্থাপন করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার। তিনি পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীল আচরণই একজন পুলিশ সদস্যের প্রকৃত পরিচয়। জনআস্থা অর্জনে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সকল সদস্যকে আহ্বান জানান।
সভায় বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা দায়িত্ব পালনের অভিজ্ঞতা, কর্মপরিবেশের উন্নয়ন, কল্যাণমূলক সুবিধা এবং প্রশাসনিক বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। পুলিশ সুপার উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, আধুনিক পুলিশিং ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, বিট পুলিশিং শক্তিশালীকরণ এবং মাদক ও সাইবার অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে মানবিক পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, মাসিক কল্যাণ সভা জেলা পুলিশের অভ্যন্তরীণ সমন্বয়, শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সভার মাধ্যমে পুলিশ সদস্যরা তাদের সমস্যা ও প্রস্তাব সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে ধরার সুযোগ পান, যা বাহিনীর কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও পেশাদার, দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে।
















