
পঞ্চগড় প্রতিনিধি:
হেরে গিয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের দৃষ্টান্ত স্থাপন করেছেন সারজিস আলম। পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পর ফলাফল ঘোষণার পর তিনি বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে তিনি তার প্রতিদ্বন্দ্বী নওশাদ জমির-কে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।
অভিনন্দন জানিয়ে সারজিস আলম বলেন, আমরা পঞ্চগড়-১ আসনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। জনগণ যদি একজন প্রার্থীকে এক ভোটেও এগিয়ে রাখে, তাহলে তাকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকেই আমি নিজে এসে তাকে অভিনন্দন জানিয়েছি এবং এই আনন্দের মুহূর্তে পাশে থাকার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি। আগামী পাঁচ বছরে পঞ্চগড়-১ আসনের উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্য ভালো কোনো উদ্যোগ নিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, যৌক্তিক যেকোনো বিষয়ে তার দল ও নেতাকর্মীরাও সহযোগিতা পাবেন।
তিনি পঞ্চগড়-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ-কেও অভিনন্দন জানান। পাশাপাশি নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ পঞ্চগড় ও দেশের প্রয়োজনে আবারও আমরা একসঙ্গে কাজ করবো।
















