
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।
জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সং*ঘর্ষের ঘটনায় জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভা*ঙচুরের ঘটনা ঘটেছে। একই ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়িও ভা*ঙচুর করা হয়।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার থানার মোড় এলাকায় জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। তবে সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে এমপি সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের মধ্যে সাংগঠনিক ও অভ্যন্তরীণ বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় ডাকবাংলোর দ্বিতীয় তলায় দুই নেতা অবস্থান করছিলেন। এ সময় নিচে অবস্থানরত তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।একপর্যায়ে সেই কথাকাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে এমপি সুলতান মাহমুদ বাবু ও নুরুল ইসলাম নবাবের ব্যক্তিগত গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ইসলামপুরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে এমপি সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ইসলামপুর থানার পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















