
ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির বিপিএম বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা বিশেষ করে শিল্পাঞ্চলসমূহে অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে দোষী ব্যক্তিদের চিহ্নিতকরণের পাশাপাশি আইনের আওতায় নিয়ে আসতে তিনি বেসরকারিখাতসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা আশা করেন।
জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পুলিশ জনগণের আস্থা অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। ”
তিনি বলেন, “দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা অপ্রতুল। পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানো, অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পাশাপাশি বেসরকারিখাতের সহযোগিতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।”
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধিদল ২৫ নভেম্বর ২০২৬ (বুধবার) পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে ঢাকা চেম্বার সভাপতি তাসকীন আহমেদ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বাণিজ্য সহায়ক পরিবেশ উন্নয়নে দেশের স্থিতিশীল আইনশৃঙ্খলা নিশ্চিতের ওপর জোর দেন।
তিনি দেশের মহাসড়ক ও বাণিজ্যিক এলাকায় পণ্য পরিবহনে হয়রানি প্রতিরোধ ও হটলাইন চালু, শিল্প ও ব্যবসা প্রধান অঞ্চলে নিরাপত্তা জোরদার, সাইবার নিরাপত্তা, আর্থিক জালিয়াতি প্রতিরোধ এবং ডিজিটাল লেনদেন ও ই-কমার্স খাতকে সুরক্ষিত রাখতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন ।
বাংলাদেশ পুলিশ এবং ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
















