মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কিশোরগঞ্জে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং হৃদযন্ত্রের সুস্থতা নিশ্চিত করতে স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গ বাজার হয়ে পুনরায় ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়।
পরে ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. আবদুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী।
সভায় বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার মো. জালালউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোহাইমেন লাক মিয়া, কোষাধ্যক্ষ হাফেজ আবদুর রশিদ, মনিরুজ্জামান মনির, মো. জাহাঙ্গীর আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হৃদরোগ বর্তমানে মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন কারণে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।
তারা বলেন, হৃদরোগ প্রতিরোধে নিয়মিত শরীরচর্চা, পরিমিত ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ, ধূমপান পরিহার এবং প্রয়োজন অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। পাশাপাশি হৃদরোগের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় বিশ্ব হার্ট দিবসের তাৎপর্য তুলে ধরে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।