রংপুর ব্যুরো :
রংপুর নগরে সড়ক বিভাজক স্টিলের বেষ্টনীতে বিদ্যুতায়িত হয়ে এক তরুণ মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে রংপুর সিটি করপোরেশনের সামনে এ ঘটনা ঘটে। মৃত বিনোদ চন্দ্র দেবনাথ নগরের সিলমন জুগিপাড়ার পুলিন চন্দ্র দেবনাথের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে সিটি বাজার থেকে খাবার খেয়ে রাস্তা পার হওয়ার সময় সড়ক বিভাজকের স্টিলে হাত দেন বিনোদ। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর মহানগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, 'লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'
বিনোদের প্রতিবেশী অগিন চন্দ্র দেবনাথ বলেন, 'বিনোদ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।'
তবে ওই তরুণের কীভাবে মৃত্যু হলো, তা এখনো নিশ্চিত নয় রংপুর সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটির সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, 'তারা ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেছেন। ফায়ার সার্ভিস এ বিষয়ে জানে না বলে জানিয়েছে। হাসপাতাল ও পুলিশের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন।
অবশ্য সকালে ঘটনাস্থলে গিয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) লোকজনকে বিদ্যুৎ–সংযোগের ত্রুটি–বিচ্যুতি খুঁজতে দেখা গেল। সেখানে কথা হয় নেসকোর উপবিভাগীয় প্রকৌশলী সুমন আলীর সঙ্গে। তিনি বলেন, 'তারা এখনো সংযোগের ত্রুটি খুঁজে পাননি। তবে সড়ক বিভাজকের মাঝে বৈদ্যুতিক খুঁটিগুলো ও পথচারী–সেতুতে অসংখ্য ব্যানার-ফেস্টুন লাগানোয় বাইন্ডিং তারের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ হয়েছে কি না, এটা খুঁজে দেখছেন তারা। নেসকোর এই উপবিভাগীয় প্রকৌশলী এসব ব্যানার-ফেস্টুন অপসারণে সিটি করপোরেশনকে উদ্যোগ নেওয়ার জন্য বলেন।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।