
ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে- স্কেল বাস্তবায়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংশ্লিষ্ট কমিটির কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদন মিললেই দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।
বুধবার সচিবালয়ে গণমাধ্যমকে অর্থমন্ত্রী বলেন, 'নতুন বেতনকাঠামো বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির সঙ্গে নতুন পে- স্কেলের কোনো সম্পর্ক নেই। আইএমএফ এ বিষয়ে কোনো আপত্তি জানায়নি; বরং রাজস্ব আহরণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে।'
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন ১০ সদস্যের কমিটি নতুন বেতনকাঠামোর সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে। কমিটির সুপারিশ মন্ত্রিসভায় উপস্থাপনের পর অনুমোদন সাপেক্ষে তা কার্যকর করা হবে।
এর আগে নবম জাতীয় বেতন কমিশন বর্তমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থ বিভাগ সূত্র জানায়, নতুন বেতনকাঠামো বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এ কারণে এটি ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরে বিভিন্ন ভাতা কার্যকর করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে সংশ্লিষ্ট কমিটি।
প্রসঙ্গত, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় ১১ বছর পর সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছিল। বাজেটে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।