পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় গভীর রাতে ফসলি জমির টপসয়েল কাটা বন্ধে অভিযান চালাল উপজেলা প্রশাসন। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে রাত দেড়টা পর্যন্ত শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া ও নান্দিপাড়া এলাকায় চলে এই অভিযান। নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গম এলাকা ও প্রবল বৃষ্টির মধ্যেই চলে অভিযান। প্রশাসনের উপস্থিতির টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটায় ব্যবহৃত চারটি এস্কেভেটর অকেজো করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ফসলি জমির টপসয়েল কাটার কাজও।
উপজেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে কৃষিজমির টপসয়েল কাটা কোনভাবেই বরদাস্ত করা হবে না। পাশাপাশি, অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনেরও কোনো সুযোগ নেই।
প্রশাসনের এক আধিকারিক বলেন, 'কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ার ফলে একদিকে যেমন জমির উৎপাদন ক্ষমতা কমছে, অন্যদিকে পরিবেশের উপরও পড়ছে বিরূপ প্রভাব। তাই মাটি কাটার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।'
পুঠিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির টপসয়েল কাটা এবং অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। #
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।