পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) এবং ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)।
এ ঘটনায় আহত হয়েছে একই ইউনিয়নের সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে রাব্বি (১৬)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ও আহত তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে চন্দনবাড়ী ইউনিয়নের সাহাপাড়া এলাকায় পৌঁছালে মোড় নিতে গিয়ে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।