কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়ে কিশোরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের কনফারেন্স রুমে ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, এমপি এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, এমপি।
ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ডা. মীর নুর উস সাদ।
অনুষ্ঠানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. এরয় আহসান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা. মো. এরশাদ আহসান, ড্যাব কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ডা. মো. আতিকুল সারোয়ার, সদস্য সচিব ডা. এস.কে.এম. নাজমুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. মুহাম্মদ আতাউর রহমান। তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর করলে হবে না। ব্যক্তি, পরিবার, সামাজিক প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। তারা বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারণ, অপ্রয়োজনীয় পানি ধারণকারী পাত্র সরিয়ে ফেলা, মশারি ব্যবহার ও পূর্ণহাতা পোশাক পরিধানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডেঙ্গু বা চিকুনগুনিয়ার উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গু-চিকুনগুনিয়ার ঝুঁকি কমিয়ে একটি সুস্থ সমাজ ও নিরাপদ কিশোরগঞ্জ গড়ে তোলা সম্ভব।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।